সর্বশেষ সংবাদ :

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: হচ্ছে না মেসি-ইয়ামালদের ‘ফিনালিসিমা’

স্পোর্টস ডেস্ক: চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিনালিসিমা ম্যাচ বাতিল করা হয়েছে। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
মূলত কাতারের দোহায় আগামী ২৭ মার্চ এই ম্যাচটি হওয়ার কথা ছিল। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল সেখানে।
ম্যাচটি হলে প্রথমবারের মতো মুখোমুখি দেখা যেত স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হওয়া অস্থিরতার কারণে কাতারকে ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত মনে করা হয়নি। উয়েফা জানায়, বিকল্প ভেন্যু ও সময় নিয়ে কনমেবল এবং স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে স্পেনের মাদ্রিদ ও আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের কথাও বিবেচনায় আসে।
কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘কাতারের আয়োজকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বর্তমান আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিকল্পনা অনুযায়ী ফিনালিসিমা আয়োজন সম্ভব নয়।’ প্রথম প্রস্তাব ছিল নির্ধারিত ২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি আয়োজন করা, যেখানে দর্শক সমর্থন ৫০-৫০ ভাগে ভাগ করে দেওয়া হতো। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এরপর দুই লেগে ম্যাচ আয়োজনের আরেকটি প্রস্তাব দেওয়া হয়, একটি বার্নাব্যুতে ২৭ মার্চ এবং অন্যটি বুয়েনোস আইরেসে, ২০২৮ ইউরো ও কোপা আমেরিকার আগের কোনো আন্তর্জাতিক উইন্ডোতে। এই প্রস্তাবও আর্জেন্টিনা গ্রহণ করেনি। পরে ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ২৭ বা ৩০ মার্চ ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও তাতেও সম্মতি দেয়নি আর্জেন্টিনা। তাদের পক্ষ থেকে বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। তবে স্পেনের ব্যস্ত সূচির কারণে সেটিও সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩১ মার্চ ম্যাচ খেলার কথা জানালে সেটিও বাস্তবসম্মত না হওয়ায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফিনালিসিমা হলো ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার লড়াই। ২০২৬ সালের আসরটি হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার চতুর্থ সংস্করণ এবং এই শতাব্দীতে দ্বিতীয়বার।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এই প্রতিযোগিতার প্রথম আসর হয়েছিল ১৯৮৫ সালে, তখন এর নাম ছিল আর্তেমিও ফ্রাঞ্চি কাপ। সেই ম্যাচে ফ্রান্স উরুগুয়েকে হারিয়ে শিরোপা জিতেছিল। এরপর ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। দোহায় ম্যাচটি হলে বিশেষ আকর্ষণ ছিল ইয়ামাল ও মেসির মুখোমুখি লড়াই। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ১৮ বছর বয়সী ইয়ামালের সঙ্গে প্রায়ই তুলনা করা হয় ৩৮ বছর বয়সী মেসির।


প্রকাশিত: March 16, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ

আরও খবর