সর্বশেষ সংবাদ :

ছক্কা মেরে তানজিদের ‘প্রথম’ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত দুজনেই ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ধরে রাখতে পারেননি। তবে অন্যপ্রান্ত আগলে ধরেন তানজিদ হাসান তামিম। স্ট্রাইক রোটেট করে ও স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
আর তাতে ভর করে বড় সংগ্রহের আশা দেখছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৬৮ রান করেছে স্বাগতিকরা। তামিম অপরাজিত আছেন সেঞ্চুরি হাঁকিয়ে। আর ওপেনার সাইফ হাসান ৩৬ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রান করে বিদায় নিয়েছেন। ক্রিজে তার সঙ্গে আছেন লিটন দাস।
মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে শতরান তুলে নেন তানজিদ তামিম ও সাইফ হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন তানজিদ, অন্য প্রান্তে কিছুটা ধীরগতিতে ইনিংস সাজাচ্ছিলেন সাইফ। দুজনের সমন্বয়ে ১০৬ বলে আসে শতরান, যা বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেয়।
তবে অনেকক্ষণ ক্রিজে থাকলেও পুরোপুরি স্বাচ্ছন্দ্য ছিলেন না সাইফ। শেষ পর্যন্ত শাহিন আফ্রিদির নতুন স্পেলের প্রথম বলেই বিপদে পড়েন তিনি। ডাউন দ্য উইকেটে শট খেলতে চাইলেও ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ করতে পারেননি। ফলে বল সোজা আঘাত হানে স্টাম্পে এবং বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। আউট হওয়ার আগে ৫৫ বলে তিনটি চারের সাহায্যে ৩৬ রান করেন সাইফ। তার বিদায়ে ভাঙে ১০৫ রানের উদ্বোধনী জুটি। ক্রিজে সেট ব্যাটসম্যান তানজিদের সঙ্গে নতুন সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে রান নিয়ে যান ১৫০ এর ঘরে।
ভালো শুরু পেলেও শান্ত ৩৪ বলে ২৭ রান করে হারিস রউফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। শান্ত অবশ্য রিভিও নিয়েছিলেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত একই থাকে। এরপর আসেন লিটন। যাকে সঙ্গে নিয়েই নিজের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন তানজিদ। ৩২তম ওভারের পঞ্চম বল পর্যন্ত ৯৪ রান ছিল তানজিদ। ওভারের শেষ বলে সোজা তুলে মেরে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন তানজিদ। ৯৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০০ পার করেন তিনি।


প্রকাশিত: March 16, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ