, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী সারাদেশে আজ থেকে প্রত্যেক শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান শুরু হয়েছে। আর তারই ধারাবাহিকতায়, রাজশাহীর অনেক প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের মানুষকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য আজকে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।
মিজানুর রহমান মিনু বলেন, আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মৎস্য চাষ, কৃষি জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক বৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য যে কর্মসূচি পালন করেছিলেন আমরা সেটাও পালন করছি।
বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকাবাসী, সুধীজন এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষিত থাকতে সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় আজ থেকে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।