সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে প্রাইভেট কারে মাদকদ্রব্য, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অভিযান চালিয়ে ইসকাফ সিরাপ নামের নেশাদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার সকাল নয়টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় মাদকদ্রব্য বহনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল নয়টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-২৩-৬১৪১) গোপন সংবাদে ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় কারের পেছনে বিশেষ কৌশলে তৈরি করা চেম্বার থেকে ২১৫ বোতল ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইসকাফ সিরাপের আনুমানিক সাড়ে ছয় লাখ টাকা।
এসময় ঢাকা মহানগরীর খিলগাও এলাকার তুহিন ফকির (২৬) এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মুকুন্দপুর এলাকার সিয়াম (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত প্রাইভেট কারটিও হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


প্রকাশিত: March 15, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ