সর্বশেষ সংবাদ :

মিরাজকে কাইফের ‘শূন্য’ ও রমিজ রাজার ‘১০০তে ১০’

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগাকে করা মেহেদী হাসান মিরাজের রানআউটটি এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটি আউট ছিল, তবে মিরাজের এই কাজকে ‘অখেলোয়াড়সুলভ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের সাবেক তারকা মোহাম্মদ কাইফ এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।
মোহাম্মদ কাইফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মিরাজের এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘এটি মোটেও গ্রহণযোগ্য নয়। উইকেট পাওয়ার কোনো ক্ষুধাই এই রান আউটকে সমর্থন করতে পারে না, তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণ ক্রিকেটারদের বলব-মনে রেখো, সামনে যদি বিশ্বকাপের ফাইনালও থাকে, তবুও বাংলাদেশের অধিনায়ক যা করেছেন তা কখনো করো না। ফেয়ার প্লে বা ন্যায়পরায়ণতা ছাড়া খেলা কোনো খেলাই নয়।’
পাকিস্তানের সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও মিরাজের এই কাজকে ভালোভাবে নেননি। তিনি এই ঘটনার জন্য বাংলাদেশকে ১০০ নম্বরের মধ্যে মাত্র ‘১০’ দিয়েছেন। রমিজ রাজা বলেন, ‘সালমান একটি ভালো কাজ (বল ফেরত দেওয়া) করতে চেয়েছিলেন, আর তার জন্য তাকে শাস্তি পেতে হলো। মিরাজ নিয়মের মধ্যে থাকলেও এটি স্পোর্টসম্যানশিপ বা খেলোয়াড় সুলভ আচরণের বাইরে ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘মাঠে বন্ধুত্বের কোনো জায়গা নেই। সালমান বন্ধুসুলভ আচরণ করতে চেয়েছিলেন আর মিরাজ চেয়েছিলেন তাকে আউট করতে। দুই খেলোয়াড়ের মানসিকতা ছিল সম্পূর্ণ ভিন্ন।’ ৩৯তম ওভারে মিরাজের বলটি রিজওয়ান সামনে খেললে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান ক্রিজের বাইরে চলে আসেন। বলটি সালমানের পায়ে লেগে সেখানেই পড়ে থাকলে তিনি সেটি কুড়িয়ে মিরাজকে ফেরত দিতে চান। কিন্তু মিরাজ ক্ষিপ্রতার সঙ্গে বলটি কেড়ে নিয়ে স্টাম্প ভেঙে দেন।
আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে সালমান চরম বিরক্তি নিয়ে মাঠ ছাড়েন। আউট হওয়ার পর সালমান যখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন, তখন বাংলাদেশ দলের উইকেটকিপার লিটন দাসকে মিরাজের হয়ে জোরালোভাবে আউটের পক্ষে সাফাই গাইতে দেখা যায়। এটি নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। ম্যাচটি পাকিস্তান ১২৮ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালেও, মিরাজের এই রানআউট বিতর্ক ক্রিকেটীয় নৈতিকতা বনাম নিয়মের লড়াইকে নতুন করে উসকে দিয়েছে।


প্রকাশিত: March 15, 2026 | সময়: 3:56 am | সুমন শেখ

আরও খবর