, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আবেদ আলী (৪৬) নামে এক যুবকের মাথা থেতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবেদ আলী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বড়িয়া গ্রামের জাফের আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে পথচারীরা মহাসড়কের পাশের নীচু জমিতে ওই ব্যাক্তির মাথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় মহাসড়কের পাশে একটি রক্তাক্ত গামছা, দুইটি কম্বল এবং একটি বাসের সিট পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, দুর্বৃত্তরা তাকে ভারী কোন বস্তু দিয়ে অন্য কোথাও মাথা থেতলে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে এখানে এনে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।