সর্বশেষ সংবাদ :

পরকীয়ার সালিশে মারপিটে একজন নিহত, আহত তিন

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কের ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারমারিতে আনিসুর রহমান ওরফে বেহুদোলা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও তিনজন। রোববার রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
ওসি ও স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন।
রোববার রাতেও সালিশে বসেছিলেন দুই পক্ষ। কিন্তু বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান। এ ঘটনায় আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ইতোমধ্যেই নিহত ব্যক্তির দাফন শেষ হযেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


প্রকাশিত: March 10, 2026 | সময়: 3:37 am | সুমন শেখ

আরও খবর