ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এজাজ সারোয়ার মমো (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় রঞ্জনা নামের এক ভ্যান যাত্রি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আক্কেলপুর-বদলগাছী সড়কের পশ্চিম আমুট্ট এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত এজাজ সারোয়ার মমো নওগাঁ সদর এলাকার বাসিন্দা। তিনি টেলিযোগাযোগ বিটিসিএল এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্লু-নেটের কর্মকর্তা ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার পশ্চিম আমুট্ট গ্রামের রঞ্জনা পারভীন ব্যাটারি চালিত ভ্যান যোগে আক্কেলপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
এসময় তিনি ভ্যান থেকে নেমে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে সড়কের পাশে আম গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। পরে আহত রঞ্জনার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী মোস্তাফিজুর রহমান মানিক বলেন, গৃহবধূ রঞ্জনা ভ্যান থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বদলগাছীর দিকে থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেল ভ্যান সহ তাকে ধাক্কা দিয়ে পাশে আম গাছের সাথে ধাক্কা লাগে। তাদের হাসপাতালে নিলে মোটরসাইকেল আরোহীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: মার্চ ৬, ২০২৬ | সময়: ৩:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ