, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে সুজন আলী (২৭) নামের এক যুবককে আটকে রেখে রাতভর পিটিয়ে হত্যার ঘটনায় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে রাজধানী ঢাকার তেজকুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রায়কালী ইউনিয়নের পাইকড় দাড়িয়া গ্রামে সুজন আলীর খালাতো বোন সোনাভানের বাড়ি থেকে ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোনাভান ও তার স্বামী আব্দুল কুদ্দুস ওই দিন সন্ধ্যায় সুজন আলীকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে এনে চুরির সন্দেহে আটক করে মারধর করেন। পরে গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেনকে খবর দিয়ে তার হাতে তুলে দেন।
অভিযোগ রয়েছে, ইউপি সদস্য সেলিম হোসেন সুজনকে কাশিড়া বাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে গিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য রাতভর মারধর ও লাঠিপেটা করেন। এতে সুজন গুরুতর আহত হলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
পরদিন সকালে সুজন মারা গেলে ঘটনাটি আড়াল করতে তার গলায় রশি পেঁচিয়ে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, যাতে এটি আত্মহত্যা বলে মনে হয়। পরে সেলিম হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে সুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত সুজনের স্ত্রী মারুফা খাতুন গত ১৮ ডিসেম্বর আক্কেলপুর থানায় ইউপি সদস্য সেলিম হোসেন সহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি শাহীন রেজা জানান, মামলার প্রধান আসামি ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার তেজকুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।