সর্বশেষ সংবাদ :

বাগমারায় জমি নিয়ে বিরোধে কৃষককে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন, একই মহল্লার গোলাম হোসেনের ছেলে সাজ্জাক, মৃত বারিকের স্ত্রী সুফিয়া, রফিকুল ইসলামের ছেলে আয়নাল হক, রেনুকা বিবি, ফাইমা বিবি, চায়না বিবি, সেলিম এবং সৈকত আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকার বাসিন্দা মঞ্জুর রহমান (৫০) গত ৪ মার্চ বিকেল ৫টার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন।
এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার উল্লেখিত ব্যক্তিরা লোহার রড, লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে এসে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় তার ভাই এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়।
ভুক্তভোগী মঞ্জুর রহমান বলেন, ‘পূর্ব বিরোধের জেরে তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়।’
এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: March 6, 2026 | সময়: 3:40 am | সুমন শেখ