, , ।
স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক অতিমানবীয় ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন।
টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থাকা এবং শিরোপার অন্যতম দাবিদার প্রোটিয়াদের বিপক্ষে বুধবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে একাই ইতিহাস বদলে দিয়েছেন এই কিউই ব্যাটার। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি দক্ষিণ আফ্রিকার জয়রথ থামানোর পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন।
এই বিধ্বংসী ইনিংসের মাধ্যমে ফিন অ্যালেন এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান।
তিনি ক্রিস গেইলের ৪৭ বলের পূর্ববর্তী রেকর্ডটি (২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে) ভেঙে চুরমার করে দিয়েছেন। একইসঙ্গে তিনি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে (সেমিফাইনাল বা ফাইনাল) সেঞ্চুরি করার অনন্য গৌরব অর্জন করলেন। এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের ৯৬ রান।
রেকর্ডের মিছিল এখানেই থেমে থাকেনি। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় এখন সবার উপরে অ্যালেনের নাম। তিনি রোহিত শর্মা (শ্রীলঙ্কার বিপক্ষে) এবং ডেভিড মিলারের (বাংলাদেশের বিপক্ষে) ৩৫ বলের যৌথ রেকর্ডটি ভেঙে দিয়ে ৩৩ বলে ম্যাজিক ফিগার স্পর্শ করেন।
এছাড়া জিম্বাবুয়ের সিকান্দার রাজার ৩৩ বলের সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে গ্লেন ফিলিপসের ৪৬ বলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও এখন অ্যালেনের দখলে। কলকাতার ইডেন গার্ডেন্সেও নতুন ইতিহাস গড়েছেন এই কিউই তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ভেন্যুতে প্রথম ব্যাটার হিসেবে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর কৃতিত্ব দেখালেন তিনি, যেখানে এর আগে সর্বোচ্চ স্কোর ছিল সঞ্জু স্যামসনের ৯৭ রান।
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে প্রথম খেলোয়াড় হিসেবে ২০টি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েন তিনি, যা শিমরন হেটমায়ারের ১৯টি ছক্কার রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ৮টি ছক্কা এবং ১০টি চারে সাজানো এই ইনিংসটি বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।