সর্বশেষ সংবাদ :

দুদকের সমন মামলা-মাথায় নিয়ে টিটিসিতে ফিরল বিতর্কিত অধ্যক্ষ

কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন এবং আদালতে মামলা চলমান থাকার পরও আবার কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যোগ দিয়েছেন অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম। তাঁর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
গত বছরের ৩ সেপ্টেম্বর তাঁকে ঠাকুরগাঁও টিটিসিতে প্রধান প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছিল। ছয় মাস না যেতেই তিনি ফের কুড়িগ্রামে ফিরেছেন। দুদক ও আদালতে মামলা চলমান থাকার মধ্যেই গত ২৫ ফেব্রুয়ারি তিনি আবার কুড়িগ্রাম টিটিসিতে যোগ দেন।
অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের বিনিময়ে এই বদলি আদায় করা হয়েছে। এতে শিক্ষক, প্রশিক্ষণার্থী ও ভুক্তভোগী কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি টিটিসি প্রাঙ্গণে মানববন্ধন করেন প্রশিক্ষণার্থী, এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা দ্রুত অধ্যক্ষকে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
একাধিক অভিযোগের পরও একই প্রতিষ্ঠানে বারবার বিতর্কিত কর্মকর্তার প্রত্যাবর্তনে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নজরদারি ও শুদ্ধাচারের বাস্তব প্রয়োগ নিয়ে। কুড়িগ্রাম টিটিসি কি তবে অনিয়মের বৃত্ত থেকে বেরোতে পারবে সে প্রশ্নই এখন স্থানীয়দের মুখে মুখে।


প্রকাশিত: March 4, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ