সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপ না খেলায় ২০ বছর পিছিয়ে গেছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তার দাবি, একটি বিশেষ চক্রের ভুল তথ্য ও প্রতারণার কারণে বাংলাদেশ দল বিশ্বমঞ্চে খেলার সুযোগ হারিয়েছে, যা দেশের ক্রিকেটকে অন্তত ২০ বছর পিছিয়ে দিয়েছে।
মিজানুর রহমান বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি ও বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদের ভুল বুঝিয়ে বড় এই আসর থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে আমাদের ক্রিকেট ২০ বছর পেছনে চলে গেছে।’
উল্লেখ্য যে, বাংলাদেশ দল এবার বিশ্বকাপে অংশ নেয়নি এবং একইসঙ্গে মিজানুর রহমানের মালিকানাধীন ফরচুন বরিশালকেও চলতি বছরের বিপিএলে দেখা যায়নি। ফ্র্যাঞ্চাইজিটির টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্তমান ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘সময় স্বল্পতার পাশাপাশি বর্তমান বোর্ডটি কাঠামোগতভাবে বৈধ ছিল না। এ কারণেই আমরা ফরচুন বরিশালের নাম প্রত্যাহার করে নিয়েছি।’ তবে ক্রিকেট থেকে চিরতরে দূরে থাকতে চান না এই ক্রীড়াসংগঠক। ভবিষ্যতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য বোর্ড গঠিত হলে আবারও বিপিএলে ফেরার জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি।
মিজানুর রহমান যোগ করেন, ‘ক্রিকেটের যে নবজাগরণ হয়েছিল, আসুন আমরা সবাই মিলে সেই পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনি। একটি সুন্দর ও স্বচ্ছ বোর্ড উপহার দিলে আমরা আগামী বছর অবশ্যই ক্রিকেটে ফিরব।’


প্রকাশিত: February 27, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ