ফসলি জমিতে পুকুর খনন রোধের তাগিদ এমপি অধ্যাপক নজরুলের

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ভূমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে ফসলি জমিতে অপরিকল্পিত পুকুর খনন রোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে পুকুর খনন করতে দেয়া হবে না। কেউ যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যত্রতত্র পুকুর খনন করতে না পারেন এ ব্যপারে উপজেলা প্রশাসনকে কঠোর অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান সাংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সোমবার বেলা ১১টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র আর্থিকভাবে লাভবান হতে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করছে। ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন কমে যাচ্ছে।
অন্যদিকে, গ্রামীণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটি বাহী ভারী যানবাহন যাতায়াতের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে পড়ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। অপরিকল্পিত পুকুর খননের কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি জমে থাকছে, যা জনস্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে সাংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, এখন থেকে কোথাও অবৈধভাবে পুকুর খনন শুরু হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। কৃষিজমি রক্ষায় সরকার বদ্ধপরিকর। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা অপরিহার্য।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুহুল আমীন, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ | সময়: ৩:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর