সর্বশেষ সংবাদ :

স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার এমপি মুজিবুর রহমানের

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী ও তানোর: দায়িত্ব গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এসময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে গোদাগাড়ী উপজেলার ৩১ শয্যা হাসপাতাল প্রাঙ্গনে পৌঁছে দলীয় কর্মীদের বাইরে রেখে ভেতরে প্রবেশ করেন। রোগিদের পাশে দাঁড়িয়ে কথা বলেন। শোনেন তাদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশার কথা। পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য।
মতবিনিময় সভায় ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান ও সিভিল সার্জন ডা. রেজাউল করিম। তারা জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং একটি মাত্র অ্যাম্বুলেন্সের সেবা দেওয়ার সমস্যার কথা তুলে ধরেন।
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট দূর করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।
গোদাগাড়ীর মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এই এলাকার মানুষের ভালোবাসা ও ভোটেই আমি সংসদ সদস্য হয়েছি। তাই দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবে তাদের সেবার জায়গাগুলো দেখতে চেয়েছি। আনুষ্ঠানিকতা পরে হবে আগে কাজ শুরু হোক।
তিনি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যাবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগিদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, দুই উপজেলায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। ধাপে ধাপে সব কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।
এদিকে নবনির্বাচিত এমপির এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, দায়িত্বের শুরুতে স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতে গোদাগাড়ী-তানোরের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে।
এদিকে, রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের সমস্যা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনের নব নির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের (স্বাস্থ্য) পরিচালন ডা. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন রাজিউল করিম, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, এমপির পিস ডা. ওবাইদুল্ল্াহ, তানোর পৌর আমির মোকছেদ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ ইবাদত করলে আপনি সোয়াব পাবেন। তেমনি রোগীদের সেবা করা এটাও একটি সোয়াবের কাজ। আপনারা ডাক্তাররা যদি নিজের স্বত ইচ্ছা নিয়ে সময়মত রোগীদের সেবা দান করেন তাহলে আপনাদের বিরুদ্ধে রোগীরা কোন অভিযোগ উঠাবে না।


প্রকাশিত: February 25, 2026 | সময়: 3:10 am | সুমন শেখ