সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে গণমাধ্যমে লিঙ্গীয় বৈষম্য রোধে নারীপক্ষের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল ভাষা ব্যবহার ও ভাষায় লিঙ্গীয় বৈষম্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে এ সভার আয়োজন করে নারীপক্ষ। ‘নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মতবিনিময় সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় সূচনায় আলোচ্য বিষয় উপস্থাপন করা হয়। বক্তারা গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল শব্দচয়ন ও ভাষার ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন এবং অনেক সময় গণমাধ্যমের লেখনী ও উপস্থাপনভঙ্গিতেও লিঙ্গীয় বৈষম্য প্রতিফলিত হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা ভাষার মাধ্যমে বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সচেতন ও সংবেদনশীল প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি এ বিষয়ে আরও বেশি প্রচার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস, সদস্য কামরুন নাহার, ফেরদৌসী আখতার এবং প্রকল্প কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডু।


প্রকাশিত: February 25, 2026 | সময়: 3:07 am | সুমন শেখ