প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ আত্রাইয়ে পুকুরে হুমকিতে সড়ক ও বসতবাড়ি

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুকুরের পাড় সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ না করায় বিলীন হতে চলেছে চলাচলের জনগুরুত্বপূর্ণ সড়ক ও বসতবাড়ি। উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের থাঐপাড়া গ্রামে দীর্ঘ ৬ বছর ধরে এই সমস্যা বিরাজ করলেও কোনো সমাধান না পেয়ে অবশেষে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, থাঐপাড়া গ্রামের মৃত অহির সরদারের ছেলে মুন্টু সরদারের বাড়ির পাশেই একই গ্রামের আফছার আলীর ছেলে এনায়েতুল্লা ও আব্দুর রাজ্জাকদের একটি পুকুর রয়েছে।
অভিযোগ রয়েছে, পুকুরটি খননের সময় পর্যাপ্ত পাড় না রেখেই অন্যের সীমানা ঘেঁষে খনন করা হয়েছিল। দীর্ঘবছর ধরে সংস্কার না করায় বর্তমানে পুকুরের পাড় ধসে গিয়ে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি পুকুরগর্ভে বিলীন হতে বসেছে। এতে ওই রাস্তার পাশের ৫০-৬০টি পরিবারের যাতায়াত চরম ঝুঁকির মুখে পড়েছে।
অভিযোগকারী মুন্টু সরদার বলেন, ‘পুকুরের পাড় ধসে যাওয়ায় আমার ইটের তৈরি বসতবাড়িটি যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে আছে। গত ৬ বছর আগে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে প্রতিপক্ষরা ৩ বছরের সময় চেয়ে লিখিত অঙ্গীকার করেছিলেন।
কিন্তু নির্ধারিত সময় পার হয়ে আরও ৩ বছর কাটলেও তারা পাড় বাঁধার কোনো উদ্যোগ নেননি। গত মাসেও বৈঠক হয়েছে, কিন্তু তারা কেবল টালবাহানা করছেন। বাধ্য হয়ে গ্রামবাসীর সহযোগিতায় সোমবার বিকেলে ইউএনও বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছি।
এ বিষয়ে পুকুর মালিক এনায়েতুল্লা বলেন, পুকুরটি অনেক আগের খনন করা। পাড় রক্ষায় এর আগে গাইড ওয়াল দেওয়ার চেষ্টা করেছি। আসন্ন বর্ষা মৌসুমের আগেই মজবুত গাইড ওয়াল দেওয়ার প্রতিশ্রুতি আমি গ্রামবাসী ও মাতব্বরদের দিয়েছি। তা সত্তেও মুন্টু সরদার চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং আমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সড়ক ও বাড়ি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ | সময়: ৩:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ