, , ।
স্পোর্টস ডেস্ক: ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন সুপার এইট পর্ব জমে উঠেছে, তখন নারী ক্রিকেটে এলো নতুন ঘোষণা। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন পর্দা উঠবে ১২ দলের এই বৈশ্বিক আসরের।
বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। জানুয়ারিতে অনুষ্ঠিত সেই বাছাইয়ে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে সাত ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। এবার মূল মঞ্চে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য।
সূচি অনুযায়ী বাংলাদেশ পড়েছে কঠিন ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে চারটি দল মূল আসরে উঠেছে। বাংলাদেশ জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস খেলবে ‘বি’ গ্রুপে।
১২ জুন বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ৩০ জুন ও ২ জুলাই লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে পর্দা নামবে ফাইনালের মাধ্যমে।