সর্বশেষ সংবাদ :

স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার,হাসপাতাল পরিদর্শনে এমপি মুজিবুর রহমান

ষ্টাফ রিপোর্টার,গোদাগাড়ীঃ

জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) দুপুরে গোদাগাড়ী উপজেলা ৩১ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে দলীয় কর্মীদের বাইরে রেখে ভেতরে প্রবেশ করেন। রোগীদের পাশে দাঁড়িয়ে কথা বলেন। শোনেন তাদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশার কথা। পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা.ম.হাবিবুর রহমান ও সিভিল সার্জন ডা.রেজাউল করিম। তারা জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং একটি মাত্র অ্যাম্বুলেন্সের সেবা দেওয়ার সমস্যার কথা তুলে ধরেন।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট দূর করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। গোদাগাড়ীর মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এই এলাকার মানুষের ভালোবাসা ও ভোটেই আমি সংসদ সদস্য হয়েছি। তাই দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবে তাদের সেবার জায়গাগুলো দেখতে চেয়েছি। আনুষ্ঠানিকতা পরে হবে আগে কাজ শুরু হোক।
তিনি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যাবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, দুই উপজেলায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। ধাপে ধাপে সব কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।
এদিকে নবনির্বাচিত এমপির এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, দায়িত্বের শুরুতে স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতে গোদাগাড়ী-তানোরের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে।
সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: February 24, 2026 | সময়: 6:58 pm | Daily Sunshine