, , ।
পত্নীতলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘বিনা লাভের বাজার’ পরিদর্শন করেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি এনামুল হক।
সোমবার ২৩ ফেব্রুয়ারি উপজেলা সদর নজিপুর নতুনহাট এলাকায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন এমপি এনামুল হক। নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়াও তিনি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে একটি নিমগাছ রোপণ করেন।
এ সময় ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মুফাস্সেল হক, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ; জামায়াত নেতা সহকারী অধ্যাপক হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে পত্নীতলা উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন তিনি।