সর্বশেষ সংবাদ :

প্রথম প্রতিমন্ত্রী পেয়ে মহাখুশি জয়পুরহাট-২ আসনের মানুষ

মতলুব হোসেন, জয়পুরহাট: স্বাধীনতার পর এই প্রথমবারের মতো মন্ত্রী পেলেন জয়পুরহাট-২ আসনের মানুষ। তাই আনন্দটা একটু বেশিই। কারণ এই আসনে গত ৫৫ বছর পর যিনি মন্ত্রী হলেন তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং ইতিপুর্বে তিনি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্তও ছিলেন না। ফলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন অতিবাহিত হলেও নির্বাচনী এলাকার সর্বত্র জনমানুষের মাঝে এখনো আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন বিএনপির খুব শক্ত ঘাটি এবং সুষ্ঠ প্রতিটি নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলেও অতীতে কেউ মন্ত্রী ছিলেন না। বলছিলাম নবনিযুক্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর কথা।
জানা গেছে, প্রশাসনিক দক্ষতা আর জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেমে প্রথমবারেই বাজিমাত করেছেন জয়পুরহাট-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার ও সচিব আব্দুল বারী। তিনি মন্ত্রীসভায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। আর তাই পুরো নির্বাচনী এলাকায় বইছে উৎসবের আমেজ ও মিষ্টি বিতরণ।
দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ার অত্যন্ত সফলতায় শেষে রাজনীতিতে পা রেখেই বাজিমাত করেছেন তিনি। বিএনপির প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী লড়ায়েই নিকটতম প্রতিদ্বন্দ্বিকে ৬৫ হাজার ৫৪৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় তিনি সাধারণ মানুষের কাছে ‘ডিসি বারী’ নামেই পরিচিত। তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সবশেষ সচিব হিসেবে অবসরের পর গত এক বছর ধরে তিনি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনে সময় দিয়ে সাধারণ মানুষের অত্যন্ত আস্থা অর্জন করেন।
এলাকাবাসীর মতে, প্রশাসনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দূরদর্শিতার সমন্বয়ে তিনি উত্তর জনপদের তথা জয়পুরহাটের অবহেলিত এই জনপদকে একটি আধুনিক উন্নয়নের মডেলে রূপান্তর করবেন, এমনটাই এখন সবার প্রত্যাশা।
ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম জানান, ডিসি বারী’ সাহেব মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত কাজ করেছেন। তাঁর এই অভিজ্ঞতা জয়পুরহাট-২ আসনের উন্নয়নে মাইল ফলক হিসেবে কাজ করবে। তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে পেয়ে এলাকার মানুষ মহাখুশি ও আনন্দিত।
ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আব্দুল বারী’ সাহেব একজন অত্যন্ত সৎ, দক্ষ ও অভিজ্ঞ মানুষ। তাঁর মতো একজন দক্ষ ব্যক্তি মন্ত্রীসভায় থাকায় শুধু জয়পুরহাট নয়, পুরো দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তাঁর এই সাফল্যে গর্বিত।
জানা যায়, নির্বাচনী এলাকায় ‘ডিসি বারী’ নামে পরিচিত আব্দুল বারী ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনীতিতে স¤পৃক্ত হন। পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দিয়ে মানিকগঞ্জ ও ঢাকা জেলার জেলা প্রশাসক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং জাতীয় পুষ্টি কর্মসূচির নির্বাহী পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিগত ২০০৭ সালের ৩১ মার্চ তাঁকে অন্যায় ভাবে ওএসডি করা সহ, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব থাকা অবস্থায়ও তাঁকে অফিসে প্রবেশে নিষিদ্ধ করা হয়। বিভিন্নভাবে তাঁকে হয়রানি ও তৎকালীন সামরিক কর্মকর্তার নেতৃত্বাধীন গঠিত টিম কর্তৃক তাঁকে কঠোর জিজ্ঞাসাবাদ, নির্যাতন ছাড়াও বিএনপির এক মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলাও দেয়া হয়।
এছাড়া গত ২০১০ সালের কথিত উত্তরা ষরযন্ত্র মামলা ও মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায়ও তাঁকে আসামী করা হয়। ওএসডি থেকে ২০১৪ সালে পিআরএল এবং ২০১৫ সালে পূর্ণ অবসরে যান তিনি। গত অন্তর্বর্তী সরকার তাঁর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ২০২৫ সালের এপ্রিল মাসে আর্থিক সুযোগ-সুবিধা সহ সরকারের সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেন। এসব বিবেচনা করেই বিএনপি তাঁকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে তাঁকে প্রার্থী মনোনীত করেন।
কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামের এই সৎ, নির্ভীক ও দক্ষ রাজনীতিক নির্বাচনের আগে থেকেই এলাকায় বেশ সক্রিয় ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, গ্রামীণ সড়ক ও কালভার্ট সংস্কার, কৃষি উপকরণের সংকট নিরসন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তোলেন। প্রচারণায় বড় জনসভা এড়িয়ে ছোট বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে তিনি গুরুত্ব দেন।
কালাই উপজেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ স¤পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর বলেন, স্বাধীনতার পর এই আসন থেকে ‘ডিসি বারী’ ছাড়া আর অন্য কেউ মন্ত্রী হয়নি। সৎ ও অভিজ্ঞ একজন মানুষকে মন্ত্রী হিসেবে পাওয়ায় আমরা গর্বিত।
এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পরই নিজের ফেসবুক এ্যাকাউন্টে আব্দুল বারী দলের শীর্ষ নেতৃত্ব ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ চেষ্টা করবেন।


প্রকাশিত: February 23, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ