অপরাধ করলে ছাড় নয়: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রশাসন সকল প্রকার প্রভাব, সুপারিশ বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে আইনকে তার নিজস্ব গতিতে পরিচালনা করবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান, এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।
শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা সফরের অংশ হিসেবে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কেউ যদি আমার বোন বা ভাইও হয়ে থাকে, তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে। ব্যক্তিগত স¤পর্ক, রাজনৈতিক পরিচয় কিংবা সামাজিক অবস্থান, কোনোটিই আইনের প্রয়োগে বাধা হতে পারে না। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে এবং প্রশাসনকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশে বেআইনি কর্মকান্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি গাছ কাটা, ঘুষ-দুর্নীতি, জমি দখল সহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা হতে হবে দৃঢ় ও আপোসহীন।
অপরাধী যেই হোক, কোনো প্রকার পক্ষপাত বা সুপারিশের সুযোগ থাকবে না। এ ছাড়া তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোর ভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে বিপর্যস্ত করে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যায়। তাই মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সচেতন নাগরিকদেরও সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে তিনি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ফুলবাড়ি-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার, পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬ | সময়: ৩:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর