সর্বশেষ সংবাদ :

স্বস্তির জয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

স্পোর্টস ডেস্ক: নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের একদম কাছে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে এই জয়ের ফলে গানারদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল পেপ গার্দিওলার শিষ্যরা। সপ্তাহের মাঝামাঝি সময়ে উলভারহ্যাম্পটনের বিপক্ষে দুই গোলের লিড নিয়েও পয়েন্ট হারানোয় আর্সেনাল যে সুযোগটি তৈরি করে দিয়েছিল, তা হাতছাড়া করেনি সিটি। তবে জয়ের পথটা খুব একটা সহজ ছিল না।
নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলে ৫ হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসলেও মাঠের লড়াইয়ে সিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাকা সিটি ১৪ মিনিটেই এগিয়ে যায়। নিকো ও’রিলির জোরালো শট নিউক্যাসল গোলরক্ষক নিক পোপের হাতে লেগে জালে জড়ায়। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে লুইস হলের শট রায়ান আইত-নুরির গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করে। সমতায় ফেরার কিছুক্ষণ পরেই আবারও এগিয়ে যায় সিটি। ২৭ মিনিটে আন্তোইন সেমেনিও এবং আর্লিং হালান্ডের দারুণ বোঝাপড়ায় বল পান ও’রিলি। হালান্ডের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচের শেষ দিকে ইতিহাদ স্টেডিয়ামে কিছুটা স্নায়ুচাপ তৈরি হয়েছিল। একদম শেষ মুহূর্তে হার্ভে বার্নসের একটি নিশ্চিত গোল রুখে দেন সিটির গোলরক্ষক দোন্নারুম্মা। তার এই অতিমানবীয় সেভেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে এখন সব চোখ উত্তর লন্ডন ডার্বির দিকে, যেখানে টটেনহ্যামের বিপক্ষে লড়বে আর্সেনাল।


প্রকাশিত: February 23, 2026 | সময়: 3:54 am | সুমন শেখ