, , ।
ভাষা আন্দোলনের সেই গৌরবোজ্জ্বল দিনটি এলো। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আজ। আজ ‘মাথা নত না করা’র অমর একুশে। মহান শহীদ দিবস। তবে এবার শুধু দিবস পালন নয়, অমর একুশের ৭০ বছর পূর্তি। দিবসটি পালনের ক্ষেত্রে এই মাহেন্দ্রক্ষণ নতুন মাত্রা যোগ করেছে। শুধু বাংলা নয়, নিজ নিজ মাতৃভাষার প্রতি সম্মান জানানোর বিশেষ অনুপ্রেরণা হয়ে এসেছে ২১ ফেব্রুয়ারি।
বাঙালীর ভাষা-চেতনার সঙ্গে একাত্ম হয়ে একই দিন পৃথিবীর বিভিন্ন দেশে উদ্যাপিত হবে ইউনেস্কো ঘোষিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ১৯৫২ সালের আজকের দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় এমনকি বন্দুকের গুলি উপেক্ষা করেছিল বাঙালী। সংগ্রামী ছাত্রদের রক্তে রাজপথ ভেসে গিয়েছিল। একুশের সেই রক্তবীজ বোনা হয়েছিল বাংলার প্রতিটি ঘরে।
বায়ান্নর উর্বর বীজ থেকেই ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম। ভাষাকেন্দ্রিক জাতিরাষ্ট্র পাওয়া। বাঙালীর এর চেয়ে বড় কোন অর্জন নেই। আজ যখন সেই অভূতপূর্ব অর্জন অবিস্মরণীয় ইতিহাস ভুলে থাকার প্রবণতাই বেশি চোখে পড়ছে, যখন সব কিছুকেই খুব সহজে পাওয়া বলে মনে হয়, যখন গা ছাড়া ভাব, ভেতরটা বাজে না, আনুষ্ঠানিকতাই সার, যখন আত্মকেন্দ্রিকতায় আপসে দিন চলে যায়, যখন চাটুকারিতাই সাফল্যের সোপান, শেকড় আকড়ে ধরে থাকা মানুষ যখন দুঃখ কষ্ট নিয়ে কোন রকমে বাঁচে, সুবিধাবাদী ধারাটিই হয়ে যায় মূল ধারা তখন ২১ ফেব্রুয়ারি যেন বাঙালীর সম্বিত ফেরাতে আসে। উদ্ধার করতে আসে। সব বিভ্রান্তি দূর করে সঠিক পথটি দেখিয়ে দিতে এবারও এসেছে অমর একুশে।