শহীদ জিয়া ও বেগম জিয়ার কবরে ডা. টিপুর শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি জানালেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
রবিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে তিনি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
মোনাজাতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ এবং জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় তাঁর সহধর্মিণী লাইলা আঞ্জুমান বানু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান, নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন প্রামানিক, হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা শামীম হোসাইন ও সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী প্রমূখ।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই তিনি সারাজীবন জনগণের কল্যাণে কাজ করে যাবেন। তিনি নিজ এলাকার উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অবিচল থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬ | সময়: ৫:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ