, , ।
স্টাফ রিপোর্টার: নওগাঁর পোরশা উপজেলায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন অবসরপ্রাপ্ত জনস্বাস্থ্য অফিসের মেকানিক বদিউজ্জামান (৮০)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দৈনিক ভোরের ডাক ও দৈনিক সানশাইন পত্রিকার পোরশা প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান বাবুর পিতা।
রবিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। বদিউজ্জামান দীর্ঘদিন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। চাকরি জীবনে সততা ও দায়িত্বশীলতার জন্য এলাকায় তিনি সুপরিচিত ছিলেন। অবসর গ্রহণের পরও সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতেন বলে স্থানীয়রা জানান। তার মৃত্যুতে পোরশা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মরহুমের নামাজে জানাজা সোমবার দুপুর ২টায় নিতপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশে জানাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। এছাড়াও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সানশাইন পরিবার। এক শোক বার্তায় শোক জানিয়েছে পত্রিকাটির সম্পাদক সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক নূরুল হক সহ পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীবৃন্দ।