সর্বশেষ সংবাদ :

রাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর পাঁচ জনই খোয়ালেন জামানত

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীই জামানত খুইয়েছেন। নির্বাচনী আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী নির্বাচন কমিশন ওই ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মোট ১৩৫টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন। এর আগে নির্বাচনী আসনের দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা পৃথকভাবে ফলাফল ঘোষণা করেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। নির্বাচনের দিন ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে এক লাখ ৮৬ হাজার ৬৭৫টি।
চুড়ান্ত ফলাফল ঘোষণা শেষে জানা যায়, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত করা হয়। এদের মধ্যে বিএনপির দুই হেভিওয়েট নেতাও রয়েছেন।
জামানত খোয়ানো প্রার্থীরা হলেন, লন্ডন প্রবাসী ও ইউকে জিয়া পরিষদের সহ সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম। এই নির্বাচনে ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৮৫ ভোট। বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী ও ব্যবসায়ী ইসফা খায়রুল হক শিমুল ঘোড়া প্রতীকে পেয়েছেন মাত্র ২ হাজার ৪৭৪ ভোট।
আওয়ামী ঘরানার আরেক স্বতন্ত্র প্রার্থী আইনজীবী রায়হান কাওসার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৪৩৮ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা একতারা প্রতীকে পেয়েছেন মাত্র ৯২৯ ভোট এবং ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী রুহুল আমিন হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ৬১০ ভোট।
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এছাড়া এই আসনের দুই উপজেলায় কেন্দ্র ছিল ১৩২টি।


প্রকাশিত: February 15, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ