সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে হিন্দু নারী ভোটারদের সরব অংশগ্রহণ ‎

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে কেন্দ্রে কেন্দ্রে হিন্দু নারীদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নেন, যা নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তোলে। বৃহস্পতিবার পবা উপজেলার নওহাটা নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোটার ভোট প্রদান করেন। এ কেন্দ্রের মোট নারী ভোটার সংখ্যা ৩ হাজার ৮০৬ জন। উপস্থিত ভোটারদের একটি বড় অংশ ছিলেন হিন্দু নারী। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহরম আলী খান জানান, সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‎নওহাটা হলদার পাড়া এলাকার ৭৮ বছর বয়সী শ্রীমতি রেনুবালা ভোট প্রদান শেষে বলেন, “গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে আমি আনন্দিত। বয়স হলেও ভোট দেওয়া আমার দায়িত্ব মনে করি।” অন্যদিকে নওহাটা আলুহাটা এলাকার শ্রীমতি রুপালী রানী দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “এবার ভোট দিতে পেরে ভালো লাগছে। নিজের মতামত দেওয়ার সুযোগ পেয়েছি।”
‎সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু নারী ভোটারদের সক্রিয় উপস্থিতি এই আসনে গণতান্ত্রিক অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
‎পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ৮৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।


প্রকাশিত: February 13, 2026 | সময়: 4:57 am | সুমন শেখ