সর্বশেষ সংবাদ :

নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, জোরদার টহল

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী নগরীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের সমন্বিত টহল জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়, ভোটকেন্দ্রের আশপাশ, প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়ে।
বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় সশস্ত্র টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর, কাদিরগঞ্জ, উপশহর, ভদ্রা, শালবাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। নগরজুড়ে মোটরসাইকেল ও পিকআপভিত্তিক মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা প্রস্তুত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের বিশেষ টিমও মাঠে কাজ করছে।
সেনাবাহিনীর সদস্যদের নগরীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। তারা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবির সদস্যরা নগরীর প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় টহল জোরদার করেছেন। পাশাপাশি সীমান্তঘেঁষা এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র বা নাশকতার আশঙ্কা রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র‌্যাব-৫ এর একটি সূত্র জানায়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীর মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে স্বস্তির আভাস পাওয়া গেছে। কয়েকজন সাধারণ নাগরিক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ভোটারদের নিরাপত্তাবোধ বাড়িয়েছে। তারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইনভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার্বিকভাবে রাজশাহী নগরীতে নির্বাচনী আমেজের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে কঠোরতা। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও টহল কার্যক্রমে ভোটকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে।


প্রকাশিত: February 12, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ