বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। আত্রাই উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ২৩ জন। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ: শেখ রেজাউল ইসলাম, বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক), খবিরুল ইসলাম, জামায়াত মনোনীত (দাঁড়িপাল্লা প্রতীক), আলমগীর কবির, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী (মোটরসাইকেল প্রতীক), মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা প্রতীক), ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মোল্লা রতন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত (হাতি প্রতীক)।
আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে মোট ৬০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে কোনো কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা না হলেও ২৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
আত্রাই থানা অফিসার ইনচার্জ আব্দুল করিম বলেন, প্রত্যেকটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ওই কেন্দ্রগুলো প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।