সর্বশেষ সংবাদ :

রাবি বিজ্ঞান অনুষদের ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক ও ৩০ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৬ জন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থী ২০২৫ সালের ডীনস্ এ্যাওয়ার্ড পেয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিনেট ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই এ্যাওয়ার্ড প্রদান করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম। তাঁরা এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সনদ ও পুরস্কারের চেক প্রদান করেন। সেখানে অন্যদের মধ্যে ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী আকবর, প্রফেসর মো. গোলাম হোসাইন, প্রফেসর সৈয়দ রাসেল কবির ও প্রফেসর মো. সাখাওয়াত হোসাইন এবং ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী তৌসিফ ইমরোজ খালেদী ও সোনালী আক্তার তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।
পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এফ নজরুল ইসলাম অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন। ডীনস্ আর্টিকেল এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ১ জন করে রয়েছেন।
ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২ জন এবং ফলিত গণিত ও পরিসংখ্যান বিভাগের ১ জন করে।
ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২ জন; গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং ফার্মেসী বিভাগের ৩ জন করে; ফলিত গণিত এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ৪ জন করে ও রসায়ন বিভাগের ৫ জন রয়েছে।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, যেকোনো অর্জনের পেছনে কারো না কারো অবদান থাকে। আজ ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ মেধার পাশাপাশি তাঁদের শিক্ষক, পরিবার ও আরো অনেকের অবদান রয়েছে। এই এ্যাওয়ার্ড যেমন তাঁদের মেধার স্বীকৃতি দিলো, তেমনি তাঁদের শিক্ষক ও পরিবারকে সম্মানিত করলো; সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ও সম্মানীত হলো। এ্যাওয়ার্ডপ্রাপ্ত এই শিক্ষক ও শিক্ষার্থীরা আগামীতেও তাঁদের মেধা ও মননের অনুশীলনের মাধ্যমে উত্তরোত্তর অর্জনের পথে এগিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। রসায়ন বিভাগের শিক্ষক ড. নাসিরুদ্দিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রুমা পারভীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


প্রকাশিত: February 11, 2026 | সময়: 5:46 am | সুমন শেখ