বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একই দিনে ‘জুলাই সনদ’ বা সাংবিধানিক সংস্কারের উপর একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। জুলাইয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করতে সম্মুখ সারির নেতৃত্বে ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফ্যাসিবাদ পতনের সংগ্রামে ১৮ জুলাই ২০২৪, প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে বিজয় লাভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সেই শিক্ষার্থীদের মতামত তুলে ধরছেন দ্যা ডেইলি সানশাইনের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তপু।
“নির্বাচনে মানুষ ছাগল থেকেও কম দামে বিক্রি হয়”
” নির্বাচন আমার কাছে ‘quantity over quality kind theory’ মনে হয়,এখানে মানুষ ছাগল থেকেও কম দামে নিজেদেরকে বিক্রি করে দেয় অনেক সময়। আমি আপনি আমজনতা সবসময় শোষিত- বঞ্চিত। এরপরও গণভোট একটা নতুন বন্দোবস্ত হলেও হতে পারে । অন্তত মন্দের ভালো। যেখানে সাধারণ মানুষ একটু হলেও অধিক সুবিধা পেতে পারে যদি তারা হ্যাঁ ভোট কে প্রাধান্য দিতে সক্ষম হয় । আর প্রতিনিধি নির্বাচন এটা তো অনেকটা নেতা নির্বাচন বলে প্রচারিত। সেটাও জনগণকে শোষণের একটা টার্ম কার্ড । দিনশেষে নির্বাচন হয়তো ভালো কিছু দেবে বলে আমি মনে করি না । কারণ এখানে একজন মস্তিষ্ক বিকৃত মানুষ একজন মাদকাসক্তের যে মূল্য একজন ইউনিভার্সিটি প্রফেসরের ও নাকি একই মূল্য। দু’জনের জাজ করার ক্ষমতা কখনোই এক নয়। এরপরও আশা করি ভালো কিছু হোক।”
শাহরিয়ার আহমেদ
মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ
২০২১-২০২২ সেশন।
“নতুন সরকারের কাছে প্রত্যাশা সুশাসন ও স্বচ্ছতা ”
“জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের অন্যায়, বেকারত্ব, বৈষম্য ও উপেক্ষার বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা—সুশাসন, স্বচ্ছতা, ইনসাফ ও নিরপেক্ষ বিচারব্যবস্থা; যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে।”
তানজিল হোসেন সানমুন
ফিজিক্স
২০১৯-২০২০ সেশন।
“ক্ষমতা যার হাতেই যাক দেশ যেন স্থিতিশীল থাকে”
“আমি চাই নির্বাচন হোক শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য। মানুষ যদি মনে করেন তার ভোটের মূল্য আছে,তাহলে গণতন্ত্রের প্রতি আস্থা ফিরবে। নির্বাচন ও গণভোট দুটোই যেন মানুষের অধিকার ও মতামতের প্রকৃত প্রতিফলন ঘটাই। ক্ষমতা যার হাতেই যাক,দেশ যেন স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করার রাজনীতিই সামনে আসে।”
প্রিয়াঙ্কা বিশ্বাস প্রেমা
সমাজকর্ম বিভাগ
২০২২-২০২৩ সেশন।
“মানুষ যা চায় তা জানার জন্য দুয়ারে যাওয়ার দরকার নেই দেওয়ালে লেখা আছে”
“নির্বাচনে শুধু শিক্ষার্থী নয়, সমস্ত নাগরিকের আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল চব্বিশের গণ-অভ্যুত্থানে। মানুষ কী চায় তা জানার জন্য, দুয়ারে দুয়ারে যাওয়ার দরকার নেই। দেওয়ালে দেওয়ালে শ্লোগানে শ্লোগানে এখনো লেখা আছে—জনগণ কী চায়। সেগুলোই জনতার আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের প্রত্যাশা। যা করা গেলে চব্বিশের গণ-আন্দোলন সফল হবে। আগামী দিনের সরকার যেন তাই করে।”
জালাল উদ্দিন
বাংলা বিভাগ
২০২০-২০২১ সেশন।
তপু/শামি