সর্বশেষ সংবাদ :

লড়াইয়ের মাঠে মহামিলন ডাঃ টিপু ও রাকিবের

সুমন শেখ: লড়াইয়ের দিনটা ঠিক নির্ধারিত। আর মাত্র তিনদিন বাকী। আসছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনভর হবে লড়াই। ভোটের লড়াই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ লড়াই অনুষ্ঠিত হবে।
কিন্তু চূড়ান্ত লড়াইয়ের ঠিক আগেই মাঠে একবার দেখা হলো প্রতিদ্বন্দ্বী দুই লড়াকু প্রার্থীর। এদের একজন হলেন ডাঃ ইকরামুল বারী টিপু, অন্যজন খন্দকার আব্দুর রাকিব। ডাঃ টিপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ এবং খন্দকার রাকিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী। ৪৯, নওগাঁ-৪ মান্দা আসন থেকে লড়াই করছেন তাঁরা।
প্রচার-প্রচারণা শেষ হবার মাত্র একদিন আগে এ দুই প্রতিদ্বন্দ্বী হঠাৎ মুখোমুখি হলেন খানিকটা অপ্রত্যাশিত ভাবেই। রবিবার ৮ ফেব্রুয়ারি দুপুর ঠিক ২টা ৩৭ মিনিট তখন। উপজেলা সদর প্রসাদপুর বাজারের মধ্য সড়কে প্রায় শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত তাঁরা। দুজনের সাথেই ছিল শত শত কর্মী সমর্থক। বিপরীত দিক থেকে ধীরে ধীরে মুখোমুখি হচ্ছিলেন দুই সিংহপুরুষ।
মুহূর্তে থমকে গেলো বাজার, থমকে গেলো পথচারি। অজানা অশঙ্কা ছড়ালো চারদিক; ছড়ালো মূহুর্তটার সাক্ষী হবার অবিমিশ্র এক কৌতুহল। অবশেষে সকল উত্তেজনার অবসান ঘটিয়ে মুহূর্তে মিলিত হলেন দুজন; বুকে বুক মিলিয়ে তারা স্বস্তির সুবাতাস ছড়িয়ে দিলেন চারদিকে। হাতে হাত মিলিয়ে কিছুক্ষণ হাসলেন প্রাণ খুলে।
আর মুহূর্তেই হাসির সেই আনন্দটা ছড়িয়ে পড়লো কর্মী সমর্থকদের মাঝে। হাসিটা ছড়িয়ে পড়লো কৌতুহল উদ্দীপ্ত পথচারী, বাজারবাসীর মধ্যে আর বাতাসে বাতাসে।
দুর্লভ এ মূহুর্তটার যারা সাক্ষী তারা বলছিলেন, রাজনীতিবিদদের এমনটাই হওয়া উচিত।
এ ঘটনায় ডাঃ টিপু এবং খন্দকার রাকিব মহিমান্বিত হলেন সবার চোখে।


প্রকাশিত: February 9, 2026 | সময়: 6:25 am | সুমন শেখ