, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কৃষি ভিত্তিক ক্ষুদ্র শিল্প ও ফিস প্রসেসিং সেন্টার নির্মাণ সহ ১৬ দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
শনিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বনপাড়া পৌর নির্বাচনী কার্যালয়ে ঘোষিত এ ইশতেহারে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ইশতেহার ঘোষণা কালে আব্দুল হাকিম বলেন, আমি ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই।
ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, শ্রমিক এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, চলনবিলে ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, পাঙ্গিয়ার দিঘী, বিলসা ও পদ্মবিলের পর্যটন ব্যবস্থা আধুনিকায়ন, চলনবিলে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ, গ্যাস নির্ভর কারখানা গড়ে তোলা, বেকারদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে অনলাইন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশ গমনেচ্ছুক যুবকদের কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করাসহ ফ্রি পাসপোর্ট করে দেয়া, কৃষিপণ্য ও মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ ও বাজাতজাত করণের সুবিধা বৃদ্ধি, বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সরকারী ভবন নির্মাণ, চাঁদাবাজীমুক্ত নিরাপদ ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, বিভিন্ন প্রতিষ্ঠানে উৎকোচ ও পক্ষপাতিত্ববিহীন নিয়োগ ব্যবস্থা চালুসহ ১৬টি ধারায় ৫৩টি পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলিম, মহাকাশ বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত চীফ সায়েন্টিফিক অফিসার ফজলুল হক, দিগন্ত টিভির সাবেক প্রযোজক আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ও উপজেলা সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক, শ্রমিক নেতা, ব্যবসায়ী, ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিপুল সংখ্যক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।