সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ডেন্টাল কলেজ চালুর প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াত আমির বলেন, ‘রাজশাহীর কিছু সমস্যা আছে। থাকবে, সব জায়গায় সমস্যা আছে; যেহেতু ইনসাফ কায়েম নাই; যেহেতু দেশকে নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট নাই। এখানে একটা মেডিকেল কলেজ আছে, বহু পুরনো। তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে, ডেন্টাল কলেজ করা দরকার। উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটা ঘুমিয়ে পড়েছে। আর কয়টা দিন তো, সবুর করুন। যদি আপনাদের পছন্দের লোকদেরকে দায়িত্ব দেন, আপনাদের কিছু করতে হবে না। আমরাই খুঁজে খুঁজে সব বের করব, জাতিকে সেবা দেওয়ার জন্য। আপনাদের ডেন্টাল কলেজকে আমরা টান দিয়ে জাগিয়ে তুলে দেব।’
তিনি বলেন, ‘সুগার মিল লোকসানি। কেন লোকসানি হবে? আমার দেশের মাটিতে আখ ফলে। আমার দেশের শ্রমিকরা কাজ করে। তাহলে লোকসানি কেন? চুরি চামারির কারণে লোকসানি। যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে; ১৩ তারিখ থেকে বলা লাগবে না অটোমেটিক্যালি অনেকের কান এবং নাক খুলে যাবে। বাংলাদেশ নতুন পথ পাবে ইনশাআল্লাহ।’
রাজশাহীতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবির বিষয়ে তিনি বলেন, ‘বলা হয়েছে এখানে সিএনজির সরবরাহ নিশ্চিত করা। হ্যাঁ, সমুদ্রে এখনও আমরা আমাদের সম্পদ আহরণে ঢুকতে পারিনি। আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দেন, কারও চোখ রাঙানির পরোয়ানা করব না, ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের মানুষের জন্য তুলে আনতে সর্বাত্মক চেষ্টা করব।’


প্রকাশিত: February 6, 2026 | সময়: 3:27 am | সুমন শেখ

আরও খবর