, , ।
স্পোর্টস ডেস্ক: আইসিসির সিদ্ধান্তের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারলেও দেশের ক্রিকেটারদের ম্যাচের ভেতরেই রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে নতুন ঘরোয়া প্রতিযোগিতা ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।
এই টুর্নামেন্টের পর্দা উঠেছে (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধূমকেতু ও দূরন্ত একাদশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ভিন্ন কাঠামোর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে গড়া তিনটি দল। বিশ্বকাপের সময়টাকে কাজে লাগাতেই এমন উদ্যোগ নিয়েছে বিসিবি, যাতে জাতীয় দলের সম্ভাব্য ও অভিজ্ঞ ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত থাকতে পারেন।
ধূমকেতু দলটি গঠিত হয়েছে মূলত বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সমন্বয়ে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই শক্তিশালী দল হিসেবে আলোচনায় রয়েছে তারা। দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে দূরন্ত একাদশের কোচিং স্টাফও আত্মবিশ্বাসী। নতুন এই টুর্নামেন্টে নিজেদের দলই এগিয়ে থাকবে বলে মনে করছেন দুই দলের কোচই।
ঘরোয়া ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করা এই প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের আগ্রহ প্রত্যাশা করেছিল বিসিবি। তবে আশানুরূপ দর্শক উপস্থিতি নেই মাঠে। বিসিবির তরফ থেকে জানানো হয়েছিল প্রতিদিন ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হবে। সেই ধারাবাহিকতায় প্রথম দিনই আমন্ত্রণ পায় এবারের একুশে পদকজয়ী ব্যান্ড ওয়ারফেজ। তবে দর্শকখরার কারণেই নিজেদের স্বভাবসুলভ পারফরম্যান্স দেখাতে পারেনি দেশের জনপ্রিয় এই ব্যান্ডটি। তাদের পরিবেশনার মাঝে দীর্ঘ বিরতির পরও প্রত্যাশানুরূপ দর্শকের দেখা মেলেনি।