সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা: মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন শান্তিপূর্ণ হবে

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।” বুধবার বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে এবং তা সমাজে প্রকাশ পেলে তিনি এমনিতেই জনসমর্থন হারাবেন। এরপরও কেউ সীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ভালো রয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


প্রকাশিত: February 5, 2026 | সময়: 4:31 am | সুমন শেখ