, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে স্বর্ণ প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ফজর আলী। তার বয়স পঞ্চাশ বছর।
পুলিশ জানায়, ২ ফেব্রুয়ারি বিকেল পৌনে তিনটার দিকে নাটোর জেলার বাসিন্দা হাসিনা বেগম চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার পথে একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরিয়ে শিমলা পার্ক এলাকায় নিয়ে যান। এ সময় চালক সোনালি রঙের একটি ধাতব খণ্ড দেখিয়ে সেটিকে স্বর্ণ দাবি করে এর বিনিময়ে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী নারী সেখানে টহলরত ডিবি পুলিশের কাছে বিষয়টি জানান। ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে অটোরিকশাটি থামিয়ে চালককে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ‘উপহার’ লেখা একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে গোলাপি কাগজে মোড়ানো সোনালি রঙের একটি ধাতব খণ্ড, যার ওজন আনুমানিক সতেরো গ্রাম এবং ‘শ্রী জুয়েলার্স’ লেখা প্যাডের একটি চিঠি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোহাম্মদ ফজর আলী স্বীকার করেন, উদ্ধারকৃত ধাতব খণ্ডটি আসল স্বর্ণ নয়। তিনি কৌশলে ধাতব খণ্ড ও জুয়েলার্সের নামযুক্ত চিঠি রাস্তায় ফেলে দিতেন এবং পরে তা কুড়িয়ে পাওয়ার নাটক সাজিয়ে যাত্রীদের সামনে সেটিকে স্বর্ণ বলে দাবি করতেন। এরপর যাত্রীরা সেটিকে প্রকৃত স্বর্ণ ভেবে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিতেন। ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।