গণসংযোগকালে মিনু : ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। যেখানে জনগণ সুষ্ঠ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই পরিবেশ সরকার ও নির্বাচন কমিশন তৈরি করে দিবে। আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি সবাই ভাই ভাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সবাই সহাবস্থনে সুন্দরভাবে নিজ প্রতীকের প্রচারণা করবেন এই প্রত্যাশা। ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ৪ নং ও নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগের আগ মুহুর্তে এসব কথা বলেন তিনি।
এরপর তিনি ভেড়িপাড়া মোড় থেকে নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। পুলিশ লাইনের আশপাশসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকা।
ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন। ৪ নং ওয়ার্ডের গণসংযোগ ও প্রচার-প্রচারণা শেষে তিনি ৫ নং ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটান ও পথচারীদের নিজের লিফলেট দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সাথে দোয়া চান যাতে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক রুবেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান। উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী মিনুকে বিজয়ী করার আহ্বান জানান। এছাড়াও মিনু আরো বেশ কয়েকটি কর্মসূচীতে যোগ দেন। কর্মসূচীতে তিনি সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।
বিএনপি প্রার্থী মিনু ছাড়াও নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী মিনুর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬ | সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর