সর্বশেষ সংবাদ :

শ্রমিকদের বহনে ঝুকিপূর্ণ গাড়ি

মোজাম্মেল হক, লালপুর: নাটোরের লালপুরে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবহন করছে স্যালো ইঞ্জিনের অদ্ভুত এক ঝুকিপূর্ণ ভুটভুটি গাড়ি। এই সব গাড়ির যাত্রীদের অধিকাংশই কারখানার নারী শ্রমিক।
বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলাচল কর এই গাড়ি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। সবশেষ ২৪ জানুয়ারি রাতে ইপিজেড এর কারখানা শ্রমিকদের বহন করার সময় লালপুর-ঈশ্বরদী ইপিজেড সড়কের সিভিল হাট নামক স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১৫ জন নারী শ্রমিক আহত হন। ভুটভুটির সাথে মোটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সাঁড়াঘাট এলাকার আহমদ হুসাইন ইমন ঘটনাস্থলেই নিহত হন এবং গার্মেন্টস শ্রমিক লালপুরের রাজু আহমেদ রিপন রাজশাহী হাসপাতালে মৃত্যু বরণ করেন।
এছাড়া গত বছর লালপুর সড়কের একাধিক স্থানে শ্রমিকবহনকারী একাধিক ভুটভুটি গাড়ি উলটে অসংখ্য শ্রমিকের আহত হবার ঘটনা ঘটেছে।
জানাগেছে, প্রায় ২৫-৩০ ফুট লোহা ও কাঠের বডি। সাথে মিনি ট্রাকের তিনটি চাকা ও শক্তিশালী স্যালো ইঞ্জিন ব্যবহার করে স্থানীয় ওয়ার্কশপে তৈরী করা হয় ওই ভুটভুটি গাড়ি। গাড়ির দু’পাশে স্থায়ীভাবে বেঞ্চ আকৃতির সিট বসানো আছে আর মাঝখানে কাঠের বেঞ্চ ও টুল রাখা হয়েছে। এছাড়া চালকের সিটের দু’পাশে দুই জনের বসার জায়গা করা হয়েছে।
সব মিলে একটি গাড়িতে প্রায় ৫০ জন শ্রমিক গাদাগাদি করে প্রতিদিন সকালে ও রাতে লালপুর উপজেলার সালামপুর, আব্দুলপুর, লালপুর, গোপালপুর, পাইকপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে ঈশ্বরদী ইপিজেড এর বিভিন্ন কোম্পানী, প্রাণ এগ্রো লি: সহ বিভিন্ন কারখানায় যাতায়াত করেন। ঝুকিপূর্ণ ওই যানবাহনের নেই কোন অনুমোদন বা বৈধ কাগজপত্র। আবার চালকেরও নেই ড্রাইভিং লাইসেন্স।
স্থানীয়রা বলছেন, অধিক টাকার লোভে গাড়ির মালিক ইচ্ছামত গাড়ির আকার বাড়িয়েছেন। তিন চাকার ওই গাড়ির সড়কে ভারসম্য রক্ষার বিষয়টি মাথায় রাখা হয়নি। এছাড়া বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কম খরচে যাতায়াতের সুযোগ পাওয়ায় শ্রমিকরা ওই ঝুকিপূর্ণ যানবাহনে ঈশ্বরদীর বিভিন্ন কারখানায় যাতায়াত করেন।
গত ২৪ জানুয়ারী রাতে দুর্ঘটনায় আহত গার্মেন্ট শ্রমিক বিজলী খাতুন জানান, নিহত শ্রমিক রিপন ভুটভুটি গাড়ি চালকের সামনের সিটে বসেছিলেন। আমরা গাড়ির মধ্যে ছিলাম ৩০-৩৫ জন নারী শ্রমিক। সবাই আঘাত পায় এর মধ্যে কমপক্ষে ১৫ জন শ্রমিক বেশী আহত হয়। মোটর সাইকেলের সাথে আমাদের গাড়ির ধাক্কা লাগলে আমার প্রতিবেশী রিপন রাস্তায় পড়ে গিয়ে হাতে ও মাথায় আঘাত পান। পরে হাসপাতালে মারা যান। ঘটনা স্থলেই মারা যান মোটর সাইকেল চালক।
ঝুকিপূর্ণ ওই সব গাড়িতে কর্মস্থলে যাতায়াতকারী নারী শ্রমিকরা বলেন, ‘প্রতি মাসে ১৬-১৭শ’ টাকা দিয়ে সময়মত কারখানায় যাওয়া এবং আসা যায়। তাই একটু ঝুকি হলেও আমাদের জন্য এটাই ভালো। হায়াত মওত তো আল্লাহর হাতে।’
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বলেন, সড়কে এধরনের ঝুকিপূর্ণ যানবাহন চলাচল বেআইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: February 2, 2026 | সময়: 5:07 am | সুমন শেখ