সর্বশেষ সংবাদ :

রাজশাহীর দামকুড়ার পলাশ মেম্বার হত্যার ২ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে রাকিব (৪১) এবং আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩১)। তারা এই হত্যা মামলার যথাক্রমে ৩ ও ৪ নম্বর এজাহারনামীয় আসামি।
র‌্যাব সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে ভিকটিম মোশারফ হোসেন পলাশ মেম্বারের সাথে আসামিদের তর্কবিতর্ক হয়। ঝগড়ার একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ৪ জন নামীয় এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের ইন্ট উইং এবং র‌্যাব-৫ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের একটি যৌথ দল নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই দুই ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ ‘র মিডিয়া সেল সুত্র জানিয়েছে।


প্রকাশিত: February 2, 2026 | সময়: 4:16 am | সুমন শেখ

আরও খবর