, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিয়ে করে নতুন বউ নিয়ে বাসর ঘরে যাবার পরিবর্তে কারাগারে গেলেন রতন সরদার (২৬) নামে এক বর। শুক্রবার রাতে খবর পেয়ে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ফুলবতী গ্রামে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত রতন সরদার বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার ইদ্রিস সরদারের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দন্ড দেন। একই দিন দুপুর ১২ টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করায় আব্দুর রশিদ (৫০) নামে এক পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, রাতে রতন সরদার ফুলবতী গ্রামে বাল্যবিয়ে শেষে নববধুকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর আকস্মিক কনের বাড়িতে হাজির হন। এ সময় বর ও কনেকে রেখে তাদের স্বজনরা দ্রুত পালিয়ে যান। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর রতন সরদারকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয় এবং ১৪ বছর বয়সী কনেকে উপস্থিত স্বজনদের কাছে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়।
এর আগে সকাল ১১ টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামের আব্দুর রশিদ তার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা আব্দুর রশিদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, রাতেই দণ্ডপ্রাপ্ত রতন সরদারকে জেল হাজতে পাঠানো হয়েছে।