, , ।
সানশাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেছেন, “সকল ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেনো। “এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে প্রার্থীদের জিততে হবে, দুই নম্বরির কোনও সুযোগ নেই। এ ছাড়া নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” শনিবার সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রর বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময়ই প্রস্তুত থাকবে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে। সেইসঙ্গে ভোটকে উৎসবমুখর করাসহ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া প্রশাসনকে কঠোরভাবে নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন মু. মনিরুল ইসলাম বক্তব্য দেন। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারাসহ নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।