সর্বশেষ সংবাদ :

নগরীতে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার

স্টাফ রির্পোটার: রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজে “শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বি. এম. আব্দুল হান্নান বলেন, শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিক্ষকদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকই পারে শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও একাডেমিকভাবে গড়ে তুলতে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আছাদুজ্জামান। তিনি শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ গভঃ ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদ করিম। তাঁর প্রবন্ধে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী শিক্ষা এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সেমিনারটি শিক্ষকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: February 1, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ

আরও খবর