সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি। ঠিক এই মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ কিট বা জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন জল্পনা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘মিনিট মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল। তবে পিসিবি কর্মকর্তারা ‘অনিবার্য কারণ’ দেখিয়ে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করেছেন।
জার্সি উন্মোচন বাতিলের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তাকে। বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তানও একই পথে হাঁটবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পিসিবি। বোর্ড প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। তবে জার্সি উন্মোচনের মতো বড় একটি প্রচারণামূলক ইভেন্ট বাতিলের পর সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে।
বিশ্বকাপের মতো বড় আসরের আগে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং সংবাদমাধ্যমের প্রস্তুতির জন্য দ্রুত সিদ্ধান্ত জানানো জরুরি। কিন্তু পিসিবি এখনো নীরব থাকায় তৈরি হয়েছে এক ধরণের হযবরল পরিস্থিতি। পিসিবির একটি সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এখন ক্রিকেট বিশ্বের নজর ইসলামাবাদের দিকে—পাকিস্তান কি শেষ পর্যন্ত বিশ্বকাপে নামবে, নাকি বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে নাম প্রত্যাহার করে নেবে?


প্রকাশিত: February 1, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ

আরও খবর