বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে জামায়াতে ইসলামীর পক্ষে মানুষের ভালবাসা দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, “মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি, মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে ‘জুলাই যুদ্ধ’ যারা করেছে, সেই যুবসমাজ মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ ১৩ তারিখ থেকে দেখার জন্য।
“যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা কি আধিপত্যবাদের পক্ষ নেবেন, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন তাদের পক্ষ নেবেন। তারা বুঝতে পেরেছেন, জুলাইয়ের যে চেতনা যে আকাঙ্ক্ষা- কাদের দ্বারা বাস্তবায়ন হবে।” শুক্রবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, “যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তাদের হাতে যদি দেশ আসে, তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। কিন্তু অনেকে ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন। “আল্লার কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়; ক্ষমতায় যাওয়ার পর জনগণ আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন।”
পরে তিনি নোয়াখালীর ছয়টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের চারজন এবং শাপলা কলি প্রতীকের দুইজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের জয়ী করতে ভোট প্রার্থনা করেন। জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় দলের নেতারা বক্তব্য দেন।