সর্বশেষ সংবাদ :

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যার দিকে রাণীনগর উপজেলার পাকুরিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণের সময় তানসেন নামের একজনকে মারধর করা হয়।
এছাড়াও রাতে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার এলাকায় মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
মারধরের শিকার স্বতন্ত্র প্রার্থীর কর্মী তানসেন বলেন, ‘আমি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম। এ সময় পাকুরিয়া খেলার মাঠে আমাকে দেখতে পেয়ে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগনে লিটন কোনো কিছু জিজ্ঞেস না করেই আলমগীর কবিরের দালাল আখ্যা দিয়ে আমাকে মারধর করতে শুরু করেন। পরে লিটনের সঙ্গে থাকা আরও পাঁচ-সাতজন আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তাঁরা চলে যান।
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘গুন্ডাবাহিনী দিয়ে আমার নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে। গতকাল সোমবার রাণীনগর উপজেলার পাকুরিয়া গ্রামে মোটরসাইকেলের পক্ষে লিফলেট বিতরণ করার সময় তানসেন নামে আমাদের এক কর্মীকে মারপিট করেছে ধানের শীষের প্রার্থীর গুন্ডাবাহিনী। ওই কর্মী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আত্রাই রাণীনগর থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। এ ছাড়া সোমবার রাতে আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে আমাদের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। তাই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছি।’
তবে এসব অভিযোগ সত্য নয় বলে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, ‘পাকুড়িয়া খেলার মাঠে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আমার কোনো কর্মী-সমর্থকের সঙ্গে জড়িত নন।
এ ছাড়া আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের যে অভিযোগ করা হয়েছে, সেটাও মিথ্যা।
মামলা না নেওয়ার বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, মামলা নেওয়া হয়নি এই অভিযোগ সত্য নয়। মারামারির ওই ঘটনায় একটি পক্ষ থানায় এসেছিল। তারা মৌখিকভাবে অভিযোগ করে গেছে। তাদের আবারও থানায় আসার কথা। লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: January 28, 2026 | সময়: 4:28 am | সুমন শেখ