সর্বশেষ সংবাদ :

ষড়যন্ত্রকারীদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়: বিএনপি নেতা রায়হান

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর রাজনীতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি—এমন মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান। তিনি বলেন, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্ম চায়নি এবং স্বাধীনতার সময় বিতর্কিত ভূমিকা রেখেছে, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পবা উপজেলা-র দারুশা বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী প্রচার মিছিল ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেন, দেশের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে বিএনপি কোনো আপস করে না। জাতীয় স্বার্থবিরোধী যে কোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জামায়াতের মধ্যকার কথিত ‘আঁতাত’ দেশের ভবিষ্যতের জন্য কোনোভাবেই শুভ নয়। এ ধরনের রাজনীতি জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ায় এবং রাষ্ট্রের মৌলিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। তিনি দাবি করেন, বিএনপি জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বে বিশ্বাসী। দলটি কখনোই নোংরা রাজনীতি বা অপপ্রচারে জড়িত নয় এবং জনগণের আস্থা নিয়েই রাজনীতি করে।
তিনি বলেন, দেশের মানুষ এখন গণতন্ত্র, ন্যায়বিচার ও নিরাপদ ভবিষ্যৎ চায়। সেই প্রত্যাশা পূরণে বিএনপির বিকল্প নেই। ধানের শীষ প্রতীক জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং দেশবিরোধী রাজনীতিকে প্রত্যাখ্যান করবে।
প্রচার মিছিল ও গণসংযোগে সভাপতিত্ব করেন হুজুরীপাড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শিহাব উদ্দিন। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি দারুশা বাজারসহ আশপাশের এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোটের আহ্বান জানায়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিহাব উদ্দিন বিশ্বাস, সদস্য সচিব মোতাহার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নওহাটা পৌর কৃষকদল আহ্বায়ক রবিউল ইসলাম, পবা উপজেলা বিএনপির সদস্য মোজাহিদ হোসেন ও সেলিম রেজা, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য মাজদার রহমান, পবা উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, মহানগর যুবদলের সদস্য সাজিম আহমেদ ও সফি হোসেন, পবা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, পবা উপজেলা তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক নুর নবী, বিএনপি নেতা আজিজুল হক মিঠু, হরিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর আহ্বায়ক কবীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ