সর্বশেষ সংবাদ :

জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

স্টাফ রির্পোটার: রাজশাহী মহানগরীতে পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে রাজপাড়া থানা পুলিশ একজন মাদক কারবারি এবং বোয়ালিয়া থানা পুলিশ পাঁচজন জুয়ারিকে গ্রেপ্তার করে। এসব অভিযানে মোট ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুই সেট প্লে-কার্ড (তাস) উদ্ধার করা হয়। একই সঙ্গে জুয়ার আসর থেকে নগদ পাঁচ হাজার পাঁচশ ২০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলেন- রাব্বী (২৫), মোস্তফা হোসেন (৪০), নয়ন কুমার ঘোষ (৪৪), প্রশান্ত কুমার ঘোষ (৪৫), মোহন দাস (৪৩) ও টুটুল কুমার ঘোষ (৪৫)। শহরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। আরএমপি জানায়, গতকাল সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে রাজপাড়া থানা পুলিশ কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাব্বীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।
অন্যদিকে, একই দিন দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে অবস্থিত একটি মোটর গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে মো. মোস্তফা হোসেন, নয়ন কুমার ঘোষ, প্রশান্ত কুমার ঘোষ, মোহন দাস ও টুটুল কুমার ঘোষকে গ্রেপ্তার করে। অভিযানের সময় জুয়ার আসর থেকে দুই সেট প্লে-কার্ড (তাস) এবং নগদ পাঁচ হাজার পাঁচশ ২০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ