সর্বশেষ সংবাদ :

ইপিজেডের কর্মীবাহী ভুটভুটির সাথে মোটর সাইকেলের ধাক্কায় দুজন নিহত, আহত ১৫

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা থেকে ঈশ্বরদী ইপিজেডের কর্মী বহনকারী ভুটভুটি গাড়ীর সাথে মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কায় ২ জন নিহত ও অন্তত ১৫ জন শ্রমিক-কর্মচারী কর্মী আহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে ইপিজেডের বিভিন্ন কারখানায় কাজ শেষে ভুটভুটিতে লালপুরে ফেরার পথে রুপপুর-লালপুর সড়কের সিভিলহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন মোটর সাইকেল আরোহী হোসাইন আহমেদ ইমন (২২) ও অপরজন এ্যাবা গার্মেট কারখানার শ্রমিক রাজু আহমেদ রিপন (২৮)। নিহত ইমন ঈশ্বরদী সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে এবং রিপন লালপুরের বৈদ্যনাথপুর মন্ডলপাড়া গ্রামের আহসান মোল্লার ছেলে।
দুর্ঘটনায় আহত গার্মেট কর্মী বৈদ্যনাথপুর গ্রামের বিজলী খাতুন জানান, সন্ধ্যা সাতটায় কারখানা ছুটি হলে তারা ৩০-৩৫ জন পুরুষ ও নারী শ্রমিক স্যালো ইঞ্জিনচালিত তিন চাকার ভুটভুটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।
এসময় সিভিলহাট নামক স্থানে দ্রুতগতির একটি মোটর সাইকেলের সাথে টুটভুটির ধাক্কায় রাজু আহমেদ রিপন সহ ১৪-১৫ জন আহত হয়। রিপনকে প্রথমে লালপুরের একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয় পরে রাজশাহী হাসপাতালে নেওয়ার পর রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
রিপনের বাবা আহসান মোল্লা জানান, রিপনের মাথা ও পায়ে গুরুত্বর আঘাত লাগে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরপরেই মারা যায়।
ইশ্বরদী থানার ওসি মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটর সাইকেল আরোহী হোসাইন আহমেদ ইমন ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে।


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ